ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

‘পরিবেশবান্ধব ইটভাটা-পৌরসভার বর্জ্যব্যবস্থাপনা আধুনিকায়ন করা হবে’

‘পরিবেশবান্ধব ইটভাটা-পৌরসভার বর্জ্যব্যবস্থাপনা আধুনিকায়ন করা হবে’
×

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি: ফাইল

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:৪৭ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:৪৭

পরিবেশবান্ধব ইটভাটা-পৌরসভার বর্জ্যব্যবস্থাপনা আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ২০২৮ সালের মধ্যে ইটভাটা বন্ধ করে পরিবেশবান্ধব ব্লক ভাটা নির্মাণ ও পৌরসভার আধুনিকায়ন করা হবে।

আজ শনিবার সকালে ঢাকা থেকে মন্ত্রী সড়ক পথে ফেনী সার্কিট হাউজে এসে পৌঁছান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। 

সাবের হোসেন বলেন, ২০২৮ সালের মধ্যে দেশের সব ম্যানুয়েল ইটভাটা বন্ধ করে পরিবেশবান্ধব ব্লক ইটভাটায় রূপান্তর করা হবে। এর ফলে ফসলি ও কৃষি জমির মাটির ক্ষতি করতে পারবে না কেউ। এছাড়া সব পৌরসভার বর্জ্য বা ময়লা যত্রতত্র না ফেলে ডাম্পিংয়ের ব্যবস্থা করে সেগুলো দিয়ে জৈব সার তৈরি করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিবেশ উন্নয়নে বিভিন্ন প্রদক্ষেপ হাতে নেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফেনী সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, পুলিশ সুপার জাকির হাসান, ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অভিষেক দাশ, এনডিসি সজিব কান্তি রুদ্র, ফেনীর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আরা কলি, বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিনসহ ৬ উপজেলার রেঞ্জ কর্মকর্তারা। 

মন্ত্রী ফেনীর বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি গ্রামের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এরপর তিনি কুমিল্লার উদ্দেশ্যে ফেনী ছাড়েন।

আরও পড়ুন

×