চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু
প্রতীকী ছবি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২০ | ০৮:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স ৫৫ বছর। তার বাড়ি কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলাবাড়ি গ্রামে। তিনি কয়েকদিন যাবত সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি চট্টগ্রাম থেকে নিজ বাড়ি আসেন এবং শনিবার রাত ৯টায় তার নিজ গ্রামের বাড়িতেই মারা যান। পরে রোববার সকালে উপজেলা দাফন কমিটি, অফিসার ইনচার্জের প্রতিনিধি, হাসপাতাল প্রতিনিধিসহ স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ্ (অলি) ঘটনাস্থলে যান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ বলেন, ওই ব্যক্তি আগে খুচরা মালের ব্যবসা করতেন। কিন্তু দুর্ঘটনায় তিনি পা হারানোর পর ভিক্ষাবৃত্তি করতেন। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে আসার পর তিনি করোনা উপসর্গ নিয়ে মারা যান। খবর পেয়ে রোববার সকাল ১০টায় উপজেলা দাফন কমিটি, অফিসার ইনচার্জের প্রতিনিধি, হাসপাতাল প্রতিনিধিসহ স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাজার পর তাকে দাফন করা হয়েছে।
তিনি বলেন, তার স্ত্রীরও করোনা উপসর্গ আছে। তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। আমরা মৃতের দাফনের কাজ নিয়ে ব্যস্ত থাকায় আজ তার নমুনা সংগ্রহ করা হয়নি। আগামী মঙ্গলবার মৃতের স্ত্রীর নমুনা সংগ্রহ করবো। তিনি বলেন, স্ত্রীর যদি করোনা পজেটিভ হয় তাহলে আমরা ধরে নেব তার মৃত স্বামীও করোনা পজেটিভ ছিল।
প্রসঙ্গত, এর আগেও জেলার বিভিন্ন স্থানে কয়েকজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। মৃতদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ৪ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে।