শ্রীপুরে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিল সন্ত্রাসীরা
আহত আমান উল্লাহ বাচ্চু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২০ | ১৩:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
শ্রীপুরে দা, কুড়াল, লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে স'মিল মালিক আমান উল্লাহ বাচ্চুর ডান হাত ও দুই পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। শনিবার রাতে শ্রীপুর উপজেলার টেংরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বাচ্চু টেংরা এলাকার প্রয়াত রজব আলীর ছেলে। স্থানীয়রা জানায়, নিজ স'মিলে কাজ করায় শনিবার রাত ১১ টার দিকে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।
আহত বাচ্চুর মেয়ে তানিয়া আক্তার জানান, তার বাবার ডান হাতের তিন জায়গায় ও দুই পায়ের গোড়ালি ভেঙে গেছে। প্রথমে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন বাচ্চু।
এ ঘটনায় তেলিহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল আলম মাস্টার ও তার ভাই মোক্তার হোসেনসহ ১০ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় এজাহার দায়ের করেছেন তানিয়া। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে তিনি এজাহারে উল্লেখ করেন।
তবে অভিযুক্ত আক্তারুল আলম মাস্টার জানান, ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তার ওপর দায় চাপিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।