বানিয়াচংয়ে স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি বাবু আটক
আসশাফ চৌধুরী বাবু
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২০ | ০০:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মো. মিজানুর রহমানকে লাঞ্চিত করার ঘটনায় বানিয়াচং উপজেলা স্বেছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসশাফ চৌধুরী বাবুকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ।
রোববার রাত ১টার দিকে চতুরঙ্গ রায়ের পাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করেন।
তিনি ওই মহল্লার মৃত আব্দুল মতিন চৌধুরীর ছেলে।
জানা যায়,৩ মে রাতে ১নং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমানকে তুচ্ছ ঘটনা নিয়ে উপজেলা পরিষদ মাঠে লাঞ্চিত করেন বাবু। বিষয়টি মিটমাট করার জন্য ১০মে রাতে ইউনিয়ন পরিষদ হলরুমে সালিশি বৈঠক হয়।বৈঠকে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান,চেয়ারম্যান গিয়াস উদ্দিনসহ এলাকার বিশিষ্ট মুরুব্বিরা উপস্থিত ছিলেন। ঘটনার বিস্তারিত পর্যালোচনা করে স্বেছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসশাফ চৌধুরী বাবুকে দোষী সাব্যস্ত করেন তারা। তারা মিজানুরের কাছে ক্ষমা চাইতে বলেন বাবুকে। একপর্যায়ে প্রকাশ্যে দুই হাত জোর করে ক্ষমা চান তিনি।
এদিকে বৈঠক শেষ হওয়ার পর বিনা কারণে আবারো মিজানুরের সঙ্গে তর্কে জড়ায় বাবু। বৈঠকে আসা সবার সামনে বিগত দিনের ন্যায় মিজানুরকে হেনস্থা করেন বাবুসহ তার সাঙ্গপাঙ্গরা। একফাঁকে ইউনিয়নের একজন মহিলা মেম্বার মিজানুরকে রক্ষায় এগিয়ে আসলে বাবুসহ তার ভাইয়েরা মিলে অতর্কিতে হামলা চালায় ওই মহিলা মেম্বারের উপর। রাত সাড়ে এগারটার দিকে মিজানুর বাদী হয়ে চারজনকে আসামী করে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ জানান।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো: সেলিম।