একদিনে করোনা শনাক্তের রেকর্ডে হবিগঞ্জকে ছাড়িয়ে গেল সিলেট
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৬ মে ২০২০ | ১২:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
একদিনে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের রেকর্ডে হবিগঞ্জকে ছাড়িয়ে গেল সিলেট। গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হলেও পুরো বিভাগের মধ্যে ‘হটস্পট’ হয়ে উঠেছিল হবিগঞ্জ। শনিবার ওসমানীর ল্যাবে একসঙ্গে জেলার ১৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর এই বিভাগে প্রথম স্থানে উঠে এসেছে সিলেট।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার তাদের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়; যাদের মধ্যে ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট জেলায় মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪ জন। এখন পর্যন্ত হবিগঞ্জে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২৯ জন।
শনিবার ওসমানীর ল্যাবে শনাক্ত হওয়া সিলেটের নতুন করোনা আক্রান্তদের মধ্যে ১৪ জনই গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা। এদের সবাই পুরাতন একজন করোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুইজন ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একজন স্টাফ নার্স করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
এ দিকে শনিবার রাতে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টার থেকে হবিগঞ্জে নতুন ১১ জন করোনা আক্রান্ত শনাক্তের তথ্য জানানো হয়েছে। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিসুর রহমান জানিয়েছেন, নতুন আক্রান্তদের মধ্যে ৯ জন সদর উপজেলার এবং বাকি দুইজন বানিয়াচংয়ের বাসিন্দা। এদের মধ্যে ৫ জন নারী ও ৬ জন পুরুষ।
সিলেট ও হবিগঞ্জের নতুন আক্রান্তদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৮ জন। এদের মধ্যে সুনামগঞ্জের ৬৮ জন ও মৌলভীবাজারে ৫৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই বিভাগে ৬ জন করোনা আক্রান্ত মারা গেছেন এবং ৬৯ জন সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৪১ জন করোনা আক্রান্ত রোগী।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের পর একদিন সরোচ্চ ১৬ জন আক্রান্ত হয়েছিল। সেদিন শনাক্ত হওয়া করোনা আক্রান্তরা সিলেট বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা ছিলেন