মুরাদনগরে ইমামসহ আরও ৪ জনের করোনা শনাক্ত
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ: ১৬ মে ২০২০ | ২১:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কুমিল্লার মুরাদনগরে এক ফার্মেসির মালিক ও বাবা-মেয়েসহ একটি মসজিদের ইমামের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে ওই মসজিদসহ এলাকা লকডাউন করা হয়েছে।
শনিবার মধ্য রাতে মুরাদনগর উপজেলার মুরাদনগর ইউনিয়নের নাগের কান্দি গ্রামের জামে মসজিদ ও রাজিয়া ফার্মেসি লকডাউন করা হয়। ফার্মেসির মালিক পল্লী চিকিৎক, বাবা মেয়ে ও মসজিদের ইমামসহ সবাইকে হোম আইশোলেশনে রাখা হয়েছে।
মুরাদনগর উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজ ও নির্ভরযোগ্য সূত্রে জানাযায়, গত ১১ মে সোমবার সন্ধ্যায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান সদর ইউনিয়নের নাগেরকান্দি গ্রামের নাছির উদ্দিন (২৫)। তার জানাজায় এসে স্থানীয় নাগেরকান্দি গ্রামের বাবা-মেয়ে ও ওই এলাকার এক মসজিদের ইমামসহ একই ইউনিয়নের সুরেশর্দী গ্রামের পল্লী চিকিৎক ও মুরাদনগর রাজ্জাক ম্যানশনের রাজিয়া ফার্মেসির মালিকের কভিড-১৯ পরীক্ষায় পজেটিভ আসে। এই খবর পাওয়ার পর মসজিদটির ইমামের আইশোলেশন নিশ্চিত করে মসজিদের অন্য সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। মসজিদের সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। ওই এলাকা এখন লকডাউন।
মুরাদনগর উপজেলা প্রশাসন আরও জানায়, এ পর্যন্ত এ উপজেলায় ৩৭ জন ও অন্য জেলা থেকে আসা একজন ব্যক্তি আক্রান্ত হয়েছেন। করোনায় এ পর্যন্ত দুজন মারা গেছেন।