ইফতারে ফ্রিজের পানি না দেওয়ায় স্ত্রীকে হত্যা
পটিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২০ | ২১:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চট্রগ্রামের পটিয়ায় ইফতারিতে ফ্রিজের পানি না দেওয়ায় ইট দিয়ে মাথায় আঘাত করে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় উপজেলার ছনহরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলমদার পাড়ার ছালেহ আহমদ তালুকদারের বাড়িতে।
নিহত ওই নারীর নাম শেলি আকতার (২৫)। তিনি উপজেলার মনসা গ্রামের আহমদ নবীর মেয়ে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ইফতারিতে ফ্রিজের পানি না দেওয়ার কারণে স্বামী কামাল উদ্দিন হঠাৎ করে নিজ স্ত্রী শেলী আকতারের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এসময় শেলী মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় মহিলা ইউপি সদস্যা শাহিনা আকতার ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব বিষয়টি নিশ্চিত করে জানান, ১২ বছর আগে কামাল ও শেলীর বিয়ে হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।