ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নওগাঁয় শপিংমল খোলার পর আবারও বন্ধ ঘোষণা

নওগাঁয় শপিংমল খোলার পর আবারও বন্ধ ঘোষণা
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২০ | ২৩:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নওগাঁয় শপিংমল খোলার এক সপ্তাহ যেতেই আবারও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শপিংমলগুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব না মানায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় শপিংমল বন্ধের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিতসহ বিভিন্ন শর্ত সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বগত কয়েকদিন বাজার ও শপিংমল সমূহ সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে আগত ক্রেতা/বিক্রেতাদের নূন্যতম ৯০ শতাংশ সরকার প্রদত্ত শর্ত মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা করছেন বা নির্লিপ্ত থেকেছেন। সেহেতু জনসাধারণ তথা নওগাঁ জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যুঝুঁকির কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে রোববার হতে সকল ধরনের দোকানপাট/ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

গণবিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচা বাজার এবং ওষুধের দোকানসহ জরুরি পরিষেবা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক গত ১০ মে হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সীমিত আকারে শর্ত সাপক্ষে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। যেখানে ক্রেতা ও বিক্রেতা উভয়ে মাস্ক, হ্যান্ড গ্লাভস ব্যবহার, ক্রয়-বিক্রয়ের সময় সামাজিক দূরুত্ব বজায় রাখা, দোকানের সামনে হাত ধোয়ার ব্যবস্থা রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছিল। যার কোন কিছুই মানা হয়নি। ফলে দ্রুত আবারও শপিং মল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এটি  বলবৎ থাকবে।

আরও পড়ুন

×