ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

শিশু সন্তান করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেও বাবা আইসোলেশনেই

শিশু সন্তান করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেও বাবা আইসোলেশনেই
×

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২০ | ২৩:২৮ | আপডেট: ১৭ মে ২০২০ | ০০:০৬

জয়পুরহাট সদর উপজেলার হেলকুন্ডা বল্লাপাড়া গুচ্ছগ্রামের সাত বছরের শিশু তৌহিদ হোসেন করোনায় আক্রান্ত হয়েছিল। এরপর আইসোলেশনে রাখার জন্য তাকে নিতে যায় প্রশাসনের লোকজন। তবে বাবা অতি আদরের সন্তানকে একা যেতে দেননি আইসোলেশনে। ছেলের জন্য পরোয়া করেননি নিজের জীবনের। করোনায় আক্রান্ত না হয়েও তিনি স্বেচ্ছায় ছেলেকে নিয়ে আইসোলেশনে গিয়েছিলেন। সেখানে ১৫ দিন কাটানোর পর করোনামুক্ত হয়ে ছেলে বাড়িতে ফিরলেও তারা বাবা আইসোলেশনেই আছেন।

শনিবার সন্ধ্যায় সাত বছরের শিশু তৌহিদ হোসেনসহ জেলার ৫ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। তাদের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর আইসোলেশন সেন্টার থেকে ফুলের তোড়া উপহার দিয়ে বিদায় জানানো হয়। সঙ্গে ছাড়পত্র দিয়ে সরকারি ব্যবস্থাপনায় তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছেও দেওয়া হয়েছে।

জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, ১৫ দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিল শিশু তৌহিদ। বয়স বিবেচনায় সে সময় ছেলের সঙ্গে আইসোলেশন ইউনিটে ভর্তি হন তার বাবাও। তৌহিদের বাবা-মা ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ওই পরিবারের সবাই ঢাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। কারখানা ছুটি হলে তারা সবাই গ্রামের বাড়িতে আসেন। সে সময় তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। তাদের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। গত ৩০ এপ্রিল পাওয়া রির্পোটে ওই পরিবারের সবার করো নেগেটিভ আসলেও পজিটিভ হয় তৌহিদের। বয়স বিবেচনায় ছেলের সঙ্গে বাবাকে আইসোলেশনে থাকতে দেওয়া হয়। বর্তমানে ওই শিশু করোনামুক্ত। তবে ওর বাবা বাড়িতে ফিরতে পারেননি। তাকে আইসোলেশনেই রাখা হয়েছে।

আইসোলেশনে নিয়োজিত চিকিৎসক ও নার্সরা জানান, চিকিৎসক, নার্স এবং বাবার পরিচর্যায় তৌহিদ সুস্থ হয়ে উঠেছে। সে যে করোনায় আক্রান্ত তা তাকে বলা বা বুঝতে দেওয়া হয়নি। বাড়ির মতই সে এখানেও খেলাধুলা করেছে। 

আরও পড়ুন

×