দেবীদ্বারে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯
দেবীদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ: ১৭ মে ২০২০ | ০১:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে নুরুল ইসলাম (৭২) নামে এক অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী মৃত্যুবরণ করেছেন। তিনি দেবীদ্বার পৌর এলাকার বড় আলমপুর গ্রামের মৃত. জব্বার আলীর ছেলে। করোনা পজেটিভ রিপোর্ট আসার একদিন পর শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ নিয়ে দেবীদ্বারে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৯ জনে। এদের মধ্যে দু’জন বেঁচে থাকতে জানতে পেরেছেন তারা করোনায় আক্রান্ত ছিলেন, বাকি ৭ জনেরই মৃত্যুর পর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ রিপোর্ট আসে।
এদিকে এখন পর্যন্ত দেবীদ্বারে করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে। ফলে দেবীদ্বার উপজেলা এখন রেড জোন হিসেবে চিহ্নীত। দেবীদ্বার উপজেলা প্রশাসন গোমতী আবাসিক এলাকায় একই পরিবারের ৫জন আক্রান্তের বাসা, স্বামী-স্ত্রী দু’জন আক্রান্ত হওয়া হাসপাতাল রোডের কান্তিধারা হাউজ, বারেরা, বড়আলমপুর, সুবিল ফতেহাবাদ, বল্লভপুর, জীবনপুর গ্রামের এক জন করে আক্রান্ত হওয়াদের ৭টি বাড়ি, ১০জন আক্রান্ত হওয়া নবিয়াবাদ সম্পূর্ণ গ্রাম, রসুলপুর ইউনিয়নের ইনসাফ মার্কেট, সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজার, ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর বাজার লকডাউন করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর জানান, শনিবার করোনায় আক্রান্ত হয়ে পৌর এলাকার বড়আলমপুর গ্রামের নুরুল ইসলাম মারা গেছেন। ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলা সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে শনিবার দুপুরে তার জানাযা ও দাফন নিয়মানুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে সম্পন্ন করা হয়েছে।