দুই তরুণীসহ ইউপি সদস্য আটক
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২০ | ০১:৪৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রংপুরের মিঠাপুকুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে দুই তরুণীসহ এক ইউপি সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটক ওই ইউপি সদস্যের নাম হেলাল মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাংনী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর বেলবাড়ি গ্রামের মৃত. শহিদুল ইসলামের বাসায় দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে নারী এনে অসামাজিক কাজ চালিয়ে আসছেন তার স্ত্রী রেহেনা বেগম। শনিবার রাতে ইউপি সদস্য হেলাল মিয়া বহিরাগত দুই তরুণীকে ওই বাড়িতে ডেকে এনে অসামাজিক কাজের আয়োজন করেন। এসময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য শাহিদুল ইসলামসহ দুই তরুণীকে আটক করে থানায় নিয়ে আসে। আটক দুই তরুণীর বাড়ি ভাংনী ইউনিয়নে।
স্থানীয় বাসিন্দা আক্তারুল ও মাহিদুলসহ অনেকে জানান, দিনের পর দিন মুদি ব্যবসার আড়ালে বাড়িতে এ ধরনের অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসলেও রেহেনা বেগম ধরাছোঁয়ার বাইরে থাকছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না।
অভিযুক্ত রেহেনা বেগম বলেন, স্থানীয় সাবান আলী ও ইউপি সদস্য হেলাল মিয়া কয়েকদিন আগে বাড়ি ভাড়া নেওয়ার কথা বলেছিল। কিন্তু তারা যে এ ধরনের কাজ করবে- তা আমার জানা ছিল না।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস সমকালকে বলেন, আটকদের জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।