ঝিনাইদহের ১০ গ্রামে একদিন আগেই ঈদ উদযাপন
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২০ | ২১:২৬ | আপডেট: ২৩ মে ২০২০ | ২১:২৮
ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ১০টি গ্রামের অর্ধশত পরিবার ঈদুল ফিতর উদযাপন করছে।
রোববার সকাল ৭টায় ওইসব পরিবারের সদস্যরা উপজেলার চটকাবাড়ীয়া দক্ষিণপাড়া জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। উপজেলার হরিণাকুণ্ডু, বৈঠাপাড়া, কুলবাড়িয়া, রামনগর, দখলপুর, পায়রাডাঙ্গাসহ ১০ গ্রামের অর্ধশত মুসল্লি মাওলানা রেজাউল ইসলামের ইমামতিতে ঈদ জামাতে অংশ নেন।
নামাজ আদায়কারী মুসল্লি আ.ন.ম. বজলুর রহমান বলেন, বিগত ১৫ বছর ধরে তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন। করোনার প্রভাবে স্বাস্থ্যবিধি মেনে খোলা স্থানে নামাজ আদায় করতে না পারায় এবার অনেক মুসল্লি ঈদের নামাজে শরীক হতে পারেননি বলেও তিনি জানান।