খুমেবির সম্ভাব্য অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব
মতবিনিময় সভায় অতিথিরা। বৃহস্পতিবার খুলনা বিশেষায়িত হাসপাতালে। ছবি: সংগৃহীত
বিজ্ঞপ্তি
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১৭:০৯
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (খুমেবি) অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য খুলনা বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করেছেন কর্মকর্তারা। পরে তারা অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ) এ এন এম মঈনুল ইসলামসহ অন্য কর্মকর্তারা বিশেষায়িত হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় তারা হাসপাতালের বহির্বিভাগে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য সম্ভাব্য বিভিন্ন অবকাঠামো ও সুযোগ-সুবিধার দিকগুলো ঘুরে দেখেন।
পরে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুস সালেহীন। বিশেষায়িত হাসপাতালকে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহারের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্যসেবার মান আরও গতিশীল হবে। চিকিৎসা শিক্ষা, উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমও উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হবে।
পরে সভার প্রধান অতিথি এ এন এম মঈনুল ইসলাম উদ্যোগটি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও কার্যকর করতে খুলনা বিশেষায়িত হাসপাতালকে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহারের সম্ভাব্যতা যাচাই এবং সংশ্লিষ্টদের মতামত গ্রহণই এ পরিদর্শনের মূল উদ্দেশ্য।
সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক, সিভিল সার্জনসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।