ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জামায়াত আমির

চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জামায়াত আমির
×

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সমকাল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১৭:০৬ | আপডেট: ১০ জুলাই ২০২৬ | ১৭:৫৬

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের লাভুরদোকান এলাকায় পৌঁছে তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বন্যাকবলিত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহাজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, বাঁশখালী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, দক্ষিণ জেলা শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি মোক্তার হোসাইন সিকদারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা।

কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা এখনো পানিবন্দি রয়েছে। অনেক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, টানা ছয় দিনের ভারি বর্ষণে বাঁশখালীতে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যেই কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি হাজার হাজার বসতবাড়িতে পানি উঠেছে। পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ।

আরও পড়ুন

×