করোনায় মারা গেলেন এলজিইডি কর্মকর্তা
কাজী আলতাফ হোসেন ফিরোজ
পাবনা অফিস
প্রকাশ: ২৪ মে ২০২০ | ১১:৪২ | আপডেট: ২৪ মে ২০২০ | ১১:৪৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়ের অ্যাকাউটন্স অফিসার কাজী আলতাফ হোসেন ফিরোজ।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার মিরপুর ১২ নম্বরে বেসরকারি রিজেন্ট হাসপাতালে মারা যান তিনি।
পাবনা কলেজের সহকারী অধ্যাপক ও মরহুম কাজী আলতাফ হোসেন ফিরোজের ঘনিষ্টজন গোলাম নবী সানা এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনার মারা যাওয়া ফিরোজের বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তার বাড়ী পাবনা সদও উপজেলার মালিগাছা গ্রামে।
ফিরোজের ভাতিজা কাজী এখলাস উদ্দিন আকিব জানান, ৫ দিন আগে তিনি করোনায় আক্রান্ত হন। তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আইসিইউতে নেয়ার জন্য কর্তব্যরত চিকিৎসক মিরপুর ১২ নম্বরে রিজেন্ট হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ইফতারের সময় তিনি মারা যান।
আকিব আরও জানান, সরকারি অনুমতি সাপেক্ষে আঞ্জুমান মুফিদুল ইসলাম লাশের দাফন কাফনের অনুমতি নিয়েছে। নিয়ম মেনে তাকে পাবনা সদর উপজেলার মালিগাছা-মজিদপুর গোরস্থানে দাফন করা হবে।
তিনি বলেন, হাসপাতাল থেকে ছাড়পত্র নেয়া হয়েছে। লাশ রওনা দেবে এবং পাবনায় পৌছানোর পরই আঞ্জুমান মুফিদুল ইসলাম তাদের নিজ দায়িত্বে দাফন সম্পন্ন করবে।
এদিকে কাজী আলতাফ হোসেন ফিরোজের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।