ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দ্বিগুণ

লাউয়াছড়ায় প্রবেশ ফি বাড়ল, সাধুবাদ পরিবেশবাদীদের

লাউয়াছড়ায় প্রবেশ ফি বাড়ল, সাধুবাদ পরিবেশবাদীদের
×

লাউয়াছড়া জাতীয় উদ্যান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৪ | ১৯:১৬ | আপডেট: ১৯ জুন ২০২৪ | ২২:৩৭

কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ ফি দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। তবে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবাদীরা। তাদের মতে, প্রবেশ ফি বাড়ানোর কারণে এখন থেকে কেউ অযথা প্রবেশ করে বন্যপ্রাণীকে বিরক্ত করবে না। 

১৩ জুন লাউয়াছড়ার টিকিট মাস্টারের কাছে চিঠি পাঠিয়ে ৯টি আইটেমে নতুন করে নির্ধারিত টাকা প্রবেশ ফি নেওয়ার নির্দেশনা দেয় বন বিভাগ। আগে লাউয়াছড়ায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ ফি ছিল ৫০ টাকা। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ টাকা। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ ফি ২০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৭ টাকা ৫০ পয়সা। উদ্যানে প্রবেশের ক্ষেত্রে আগে বিদেশি পর্যটকদের গুনতে হতো ৫০০ টাকা। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫০ টাকায়। শুটিংয়ের জন্য প্রবেশ ফি ৬ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে ১৩ হাজার ৮০০ টাকা করা হয়। আগে পিকনিক পার্টির জন্য জনপ্রতি ১১ টাকা নেওয়া হলেও নতুন সূচিতে নেওয়া হচ্ছে ২৩ টাকা। পার্কিংয়ের জন্য ছোট গাড়ির ফি ছিল ২৭ টাকা, এখন সেটা বেড়ে ১১৫ টাকা এবং বড় গাড়ি ফি ১০৫ থেকে বেড়ে ২৩০ টাকায় দাঁড়িয়েছে।

হবিগঞ্জ থেকে আসা দর্শনার্থী আমির হোসেন বলেন, সাত সদস্য নিয়ে এখানে এসেছি। সকালে লাউয়াছড়ায় গেট থেকে ফিরে এলাম। লাউয়াছড়ায় প্রবেশ করতে প্রায় ৮০০ টাকার টিকিট কাটতে হচ্ছে। পরে আর ভেতরে প্রবেশ করিনি।

ট্যুরিস্ট গাইড শাহীন মিয়া বলেন, টিকিটের দাম বাড়ার কারণে অনেকেই গেট থেকে ছবি তুলে চলে যাচ্ছেন। গেটের সামনে তাই ভিড় বেশি থাকে।

প্রবেশ ফি বাড়ানোর বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফের (সিউ) সমন্বয়ক সোহেল শ্যাম। তাঁর ভাষ্য, এতে পর্যটক কম ঢুকবেন। পর্যটকরা লাউয়াছড়ায় ঢুকে প্রাণীদের উত্ত্যক্ত করেন। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলেন। হৈহুল্লোড় করেন। এতে প্রাণীরা সমস্যায় পড়ে।

সোহেল শ্যাম আরও বলেন, বন বিভাগের কাছে দাবি জানিয়েছি, লাউয়াছড়া জাতীয় উদ্যানে যেন পর্যটক প্রবেশ সীমিত করা হয়। সেই সঙ্গে প্রাণীদের প্রজনন মৌসুমে পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা উচিত। এতে এখানকার প্রাণীরা টিকে থাকবে।

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, লাউয়াছড়ায় প্রবেশ ফি বাড়ানোর ফলে এখন থেকে পর্যটক কিছুটা কম প্রবেশ করবেন। তবে সরকারের আগের মতোই রাজস্ব আদায় হবে। এটি প্রাণীদের জন্যও ভালো। 
 

আরও পড়ুন

×