ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধাসহ দুইজনের মৃত্যু

সিরাজগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধাসহ দুইজনের মৃত্যু
×

মোয়াজ্জেম হোসেন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৬:২৮ | আপডেট: ২৮ মে ২০২০ | ০৬:৪২

সিরাজগঞ্জে করোনার উপসর্গ নিয়ে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা এবং একজন জুটমিল শ্রমিমের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে ওই দু’জনসহ তাদের স্বজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ জেলা সদরের পৌর এলাকার মাছুমপুর মহল্লার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি এবং জনতা ব্যাংকের সিরাজগঞ্জ শহরের প্রধান শাখার সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন (৬৭) এবং কাজিপুর উপজেলার শুভগাছা বড়বাড়িয়া গ্রামের জুটমিল শ্রমিক আবুল
কালাম (৫৫)।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হীরা বলেন, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ওহৃদরোগে ভুগছিলেন। তার হার্টে রিং পড়ানোসহ বাইপাস সার্জারিও করা ছিল। দুইদিন ধরে নতুন করে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে মারা যান মোয়াজ্জেম হোসেন। খবর পেয়ে মেডিকেল টিম পাঠিয়ে মৃত ব্যক্তি ও পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় কান্দাপাড়া কবরস্থানে বাদ জোহর বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেনের হোসেন দাফন সম্পন্ন হয়েছে বলে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আশরাফুর ইসলাম চৌধুরী জগলু জানান।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনা পারভীর পারুল  জানান, করোনার উপসর্গ নিয়ে শুভগাছা বড়বাড়িয়ার আবুল কালাম বৃহস্পতিবার সকালে মারা
যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মৃত্যুর পর প্রতিবেশী ও নিকটাত্মীয়রা ভয়ে এলাকা ছেড়ে চলে গেছে।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, উপজেলা করোনায় মৃত দাফন কমিটি স্বাস্থ্যবিধি মেনে দুপুরে তার দাফন সম্পন্ন করেছে।

আরও পড়ুন

×