ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

খুন করে পালানোর সময় পুলিশের গাড়ির সামনেই জ্ঞান হারালেন যুবক

খুন করে পালানোর সময় পুলিশের গাড়ির সামনেই জ্ঞান হারালেন যুবক
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৬:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রাকিব ও ফেরদৌস দু’জনে ভাল বন্ধু ছিলেন। দু’জনই নারায়ণগঞ্জের ফতুল্লার একটি গার্মেন্টে কাজ করতেন। দু’জনই ফতুল্লার মুসলিমনগর এলাকার লোকমান হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের বন্ধুত্বের কথা সবার জানা। কিন্তু বিধিবাম গত রোববার চাঁদ রাত ১টার দিকে ভাড়া বাড়ির বাথরুম থেকে চিৎকার চেঁচামেচি শুনে অন্য ভাড়াটেরা দৌড়ে গিয়ে দেখেন চাকু হাতে দাঁড়িয়ে আছেন রাকিব, আর মেঝেতে পড়ে আছে ফেরদৌসের নিথর দেহ।

বাড়ির অন্য ভাড়াটেরা ছুটে আসায় ছোরা হাতে রাকিব দৌড়ে বাসা থেকে পালিয়ে যান। এরপর ফতুল্লার পঞ্চবটি এলাকায় একটি পুলিশ ভ্যানের সামনে গিয়ে জ্ঞান হারান রাকিব। পুলিশ রাকিবকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানেই পুলিশ জানতে পারে রাকিব তার বন্ধু ফেরদৌসকে খুন করে পালানোর চেষ্টা করছিলেন। ফেরদৌসকে ছুরিকাঘাতে হত্যার সময় রাকিবেরও হাত কেটে যায়। এ ঘটনায় নিহত ফেরদৌসের ভাই বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিহত ফেরদৌস পটুয়াখালী জেলার শুভডুগী গ্রামের আব্দুল মিয়ার ছেলে। তিনি একমাস আগে বিয়ে করেছেন। আর ঘাতক রাকিব শরীয়তপুর জেলার পোপনচর গ্রামের সোবহান মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার এসআই মামুন জানান, রাকিব নামে এক যুবক গত রোববার রক্তাক্ত অবস্থায় পঞ্চবটি মোড়ে এসে পুলিশের গাড়ির সামনে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ওই সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার হাত কেটে অনেক রক্তক্ষরণ হয়েছে। পরে জানতে পারি সে তার আরেক বন্ধুকে খুন করেছে।

একই বাড়ির অপর ভাড়াটিয়া সুমন জানান, তিনি একজন রেডিমেট কাপড় ব্যবসায়ী। চাঁদ রাত ১ টার দিকে তিনি বাসায় ফেরেন। ওই সময় তিনি বাড়ির গোসলখানার মধ্যে চিৎকার শুনে দেখেন রাকিব রক্তমাখা ছুরি হাতে দাঁড়িয়ে আছেন আর ফেরদৌস নিচে পড়ে আছেন। তখন তিনি চিৎকার করলে বাড়ির ভাড়াটিয়ারা ছুটে এলে রাকিব দৌড়ে পালিয়ে যান।

নিহতের স্ত্র‍ী সাদিয়া জানান, ১ মাস আগে ফেরদৌসের সঙ্গে তার বিয়ে হয়। তার স্বামীর সঙ্গে রাকিবের ভাল বন্ধুত্ব ছিল। তাদের মধ্যে পূর্বে কোন শত্রুতা ছিল কিনা তা তিনি জানেন না।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, ঘটনাটি স্পর্শকাতর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসপাতালে ভর্তি থাকা রাকিব জানিয়েছে ফেরদৌস ও তার মধ্যে সমকামী সর্ম্পক ছিল। ওই সম্পর্কের কারণে রাকিব অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসা চলছিল। এ কারণে ফেরদৌসের উপর তার ক্ষোভ ছিল। 

আরও পড়ুন

×