ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

স্ত্রীর মুঠোফোনে মিসকল আসায়...

স্ত্রীর মুঠোফোনে মিসকল আসায়...
×

হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা -সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৭:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

জয়পুরহাটের আক্কেলপুরে মুঠোফোনে মিস কল দেওয়ার জের ধরে স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে শরীরের বিভিন্ন অঙ্গে গরম লোহার রডের ছ্যাঁকা দিয়েছেন এক যুবক। বুধবার রাতে উপজেলার শ্রীকৃষ্টপুর গ্রামে এই ঘটনা ঘটে। ওই ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে গৃহবধূ খাদিজার বাবা আয়ুব আলী আক্কেলপুর থানায় অভিযোগ দিলে পুলিশ স্বামী শাকিল হোসেন এবং তার বড় ভাই আসলাম হোসেনকে গ্রেফতার করেছে।

আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, আড়াই বছর আগে উপজেলার শ্রীকৃষ্টপুর গ্রামে আব্দুস ছালামের ছেলে রাজমিস্ত্রি শাকিল হোসেনের সঙ্গে বগুড়ার আদম দীঘি উপজেলার পোতা গ্রামের খাদিজার বিয়ে হয়। বিয়ের সময় খাদিজার বাবা তাদের দাবিকৃত যৌতুকের সব টাকা পরিশোধ করলেও কিছুদিন পর থেকেই যে কোন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র শাকিল স্ত্রী খাদিজাকে মারধর করতেন। এক পর্যায়ে বুধবার রাতে খাদিজার মোবাইল ফোনে মিসকল আসে। এরই জেরে তাকে কিছু জিজ্ঞাসা না করেই শাকিল লিচু গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে বেধরক পেটাতে থাকে। এতেও ক্ষান্ত না হয়ে লোহার রড গরম করে খাদিজার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গে ছ্যাঁকা দেয়। ওই সময় গৃহবধূর চিৎকার আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

খাদিজার বাবা আয়ুব আলী বলেন, মেয়ের এমন দৃশ্য মেনে নেওয়ার মত না। ওরা সবাই মিলে আমার মেয়েকে হত্যার জন্য এমন ঘটনা ঘটিয়েছে। এ কারণেই আমি তাদের সকলের বিরুদ্ধে মামলা করেছি। আমার মেয়েকে নির্যাতনের বিচার চাই।

পুলিশ জানিয়েছে, খাদিজার বাবা আয়ুব আলী তার জামাই শাকিল, বাবা আব্দুস ছালাম, মা সেলিনা বেগম ও বড় ভাই আসলাম হোসেনকে আসামি করে আক্কেলপুর থানায় মামলা দায়ের করেছেন। এরপরই পুলিশ শাকিল ও তার বড় ভাইকে গ্রেফতার করেছে। মা ও বাবা পলাতক থাকায় তাদের গ্রেফতার করতে পারেনি। তবে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।


আরও পড়ুন

×