করিমগঞ্জে করোনায় আক্রান্ত মোয়াজ্জিনের মৃত্যু
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৮:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় স্থানীয় এক মসজিদের মোয়াজ্জিনের (৬৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী ইসলামপুর গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, করোনা উপসর্গ দেখা দেওয়ার পর গত ১৮ মে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। পরে ২৩ মে পাওয়া রিপোর্টে তার কোভিড-১৯ পজেটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তসলিমা নূর হোসেন ও করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম ওই ব্যক্তির দাফন কার্যক্রম তদারকি করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করে বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।