আড়াইহাজারে স্কুলছাত্র খুনের ঘটনায় ছাত্রলীগ নেতার নামে মামলা
স্কুলছাত্র আইয়ুব
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৮:২৭ | আপডেট: ২৮ মে ২০২০ | ০৯:২৩
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্কুলছাত্র আইয়ুবকে গুলি করে হত্যার ঘটনায় কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে নিহতের মা আয়েশা বেগম বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত ২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
নিহত আইয়ুব ওই এলাকার জালালউদ্দিনের ছেলে। সে কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং ইজারকান্দি আলোর সেতু পাঠাগারের কেয়ারটেকারের দায়িত্বে ছিল।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি নজরুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামের আব্দুল হকের লোকজনের সাথে ওই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন লোকজনের বিরোধ চলছে। এর আগে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। বুধবার সকালে ইজারকান্দি গ্রামের শাহজাহানসহ বেশ কয়েকজন মিলে আলোর সেতু পাঠাগার এলাকায় তাস খেলার আসর জমায়। আইয়ুব বাধা দিলে তাদের সাথে বাক বিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করলে স্থানীয় কয়েকজন গন্যমান্য ব্যক্তি বিষয়টি মিমাংসার চেষ্টা চালায়। এর মধ্যে ওই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন তার দলবল নিয়ে ওই দিন সন্ধ্যায় আব্দুল হক মেম্বারের বাড়িতে হামলা চালায়। পাল্টা আক্রমণ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ছুড়া গুলিতে স্কুলছাত্র আইয়ুব নিহত হয়।
নিহতের খালাতো ভাই জানান, আইয়ুব খুবই নিরীহ ছেলে। কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বন্দুক দিয়ে আইয়ুবের মাথায় গুলি করে হত্যা করে। সাদ্দাম ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে গুলি করে স্কুলছাত্র হত্যার অভিযোগ অস্বীকার করেছেন আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। তিনি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন।
থানার ওসি নজরুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইজারকান্দি ও এর আশপাশ এলাকায় এখনও পুলিশ মোতায়েন রাখা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।