ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

করোনাকাল

মাগুরায় অদম্য পাঠশালা

মাগুরায় অদম্য পাঠশালা
×

মাগুরায় বিনা বেতনের স্কুল 'অদম্য পাঠশালা'য় চলছে ক্লাস -সমকাল

অলোক বোস, মাগুরা

প্রকাশ: ২৮ মে ২০২০ | ১২:০০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনা দুর্যোগে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা অব্যাহত রাখতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে মাগুরায় চালু হয়েছে বিনা বেতনের স্কুল 'অদম্য পাঠশালা'। বৃহস্পতিবার দুপুরে শহরের রেডিয়েন্ট স্কুলে শারীরিক দূরত্ব বজায় রেখে এ পাঠশালার কার্যক্রম শুরু হয়।
বাসদের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য ও পাঠশালার সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসু বলেন, করোনা দুর্যোগে গত ১৭ মার্চ থেকে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। মাগুরা জেলার দরিদ্র ও শ্রমজীবী পরিবারের সন্তানদের স্কুলই একমাত্র ভরসা। কারণ তাদের প্রাইভেট টিউটর রাখার সামর্থ্য নেই। অধিকাংশ পরিবারেই নেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা অনলাইন ক্লাস করার সুযোগ। ফলে আশঙ্কা রয়েছে তাদের অনেকেরই ঝরে পড়ার। করোনা দুর্যোগে তাই তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে বাসদ ও এর ছাত্র সংগঠন ছাত্রফ্রন্টের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিনা বেতনের স্কুল 'অদম্য পাঠশালা'র (করোনায় থামবে না পড়া) কার্যক্রম শুরু করা হয়েছে।
এ বিদ্যালয়ে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হবে। শিক্ষার্থীরা যেসব বিষয়ে (ইংরেজি, গণিত, বিজ্ঞান ও আইসিটি) বেশি অকৃতকার্য হয়ে থাকে, মূলত সেগুলোই পড়ানো হবে। শুরুতে মাগুরা শহরের দোয়ারপাড় সর্দারপাড়া, জজকোর্টপাড়া, নিজনান্দুয়ালির চরপাড়া এবং মোল্লাপাড়া- এই চারটি এলাকায় 'অদম্য পাঠশালা'র কার্যক্রম শুরু হবে। পরে তা সম্প্রসারণ করার পরিকল্পনা আছে।
বৃহস্পতিবার একটি ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে 'অদম্য পাঠশালা'র যাত্রা শুরু হয়। এ কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি মাগুরা জেলা শাখার সদস্য সচিব শরীফ তেহরান টুটুল এবং রেডিয়েন্ট স্কুলের শিক্ষক মো. মশিউল ইসলাম।



আরও পড়ুন

×