চাটমোহরে পরিত্যক্ত বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার- সমকাল
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মে ২০২০ | ২২:১৬ | আপডেট: ২৮ মে ২০২০ | ২২:২৭
পাবনার চাটমোহর উপজেলা থেকে শংকর চন্দ্র দাস (৩৫) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার বোঁথর গ্রামের বড়াল নদীর পাড়ের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।
শংকর চন্দ্র দাস উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের প্রয়াত দুলাল চন্দ্র দাসের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাত এক তরুণের সঙ্গে পৌর শহর ও বোঁথর গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা যায় শংকর চন্দ্র দাসকে। এরপর শুক্রবার ভোরে বড়াল নদীর পাড়ের একটি পরিত্যক্ত বাড়িতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন জানান, ভোরে এলাকাবাসী পরিত্যক্ত বাড়িতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে স্বজনরা এসে ওই তরুণের মরদেহ শনাক্ত করেন।
তিনি আরও জানান, মরদেহের পাশে পড়ে থাকা বোতলে বাংলা মদ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে- অতিরিক্ত মদ পানেই ওই তরুণের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।