উলিপুরে তুচ্ছ ঘটনার জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২০ | ০০:৩৯ | আপডেট: ২৯ মে ২০২০ | ০০:৪৫
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অর্জুনডারা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্দিকুর রহমান (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এঘটনা ঘটে।
জেলা সদরের অবস্থিত জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, গুরুতর আঘাত অবস্হায় সিদ্দিকুর রহমানকে বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে জরুরি বিভাগে আনা হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সিদ্দিকুর রহমান অর্জুনপাড়া গ্রামের কাছুয়া মামুদের পুত্র এবং পেশায় দিনমজুর ছিলেন।
এ দিকে বৃহস্পতিবার রাতেই উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান ও থানার অফিসার ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
শুক্রবার জেনারেল হাসপাতালের মর্গে নিহতের লাশের ময়না তদন্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সদর থানার এসআই আমিনুল ইসলাম।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে অর্জুনডারা গ্রামের কাছুয়া মামুদের গরু প্রতিবেশী আইনুল ইসলামের জমিতে ধান খেতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে আইনুল ইসলামের পরিবারের একজন ইট দিয়ে গরুকে আঘাত করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
কাছুয়া মামুদ এর প্রতিকার চাইলে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শালিস বৈঠক বসে। কিন্তু শালিসের এক পর্যায়ে আইনুল ইসলাম ও তার পরিবারের লোকজন তা না মেনে বৈঠক থেকে উঠে চলে যায়। এ নিয়ে দু'পক্ষের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। এরই এক পর্যায়ে আইনুল ইসলাম ও তার ভাই আমান উদ্দিনসহ পরিবারের লোকজন সিদ্দিকুর রহমানের উপর চড়াও হয়ে বেদম মারপিট করে।
এ প্রসঙ্গে উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন জানান, সিদ্দিকুর রহমানের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।