রাণীনগরে গভীর রাতে বাসায় ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ: ২৯ মে ২০২০ | ০২:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নওগাঁর রাণীনগরে গভীর রাতে বাসায় ঢুকে রুঞ্জু মন্ডল (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার রাতোয়াল গ্রামে এ ঘটনা ঘটে। রুঞ্জু মন্ডল ওই গ্রামের আল হাজ শুকবর আলী মন্ডলের ছেলে ।
রুঞ্জু মন্ডলের বড় মেয়ে রুমি আক্তার (২২) জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে ১২টার দিকে মুখোশধারী এক যুবক টিনের চালার টিন কেটে রান্না ঘরে ঢোকে পানির মটর চালু করে। এ সময় আমার নানু মটরের পানি পরছে টের পেয়ে মা’কে ডেকে মটর বন্ধ করতে বলে। আমার বাবা উঠে মটর বন্ধ করার জন্য রান্না ঘরের দরজা খোলা মাত্রই মুখোশধারী ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় মা এগিয়ে গেলে তাকেও কোপ মারে। আমরা সবাই উঠলে হামলাকারী গোয়াল ঘরের দরজা খুলে পালিয়ে যায়। বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে বাবাকে নেওয়া হলে সেখানে ভোরে মারা যায়।
রাণীনগর থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, খরব পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ডাকাতি বা লুটপাটের জন্য ঘটনা ঘটতে পারে এমন কোন আলামত পাইনি। হামলাকারীর আগে থেকেই ওই বাড়িতে যাতায়াত ছিল। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।