মাদারীপুরে আইসোলেশনে থাকা একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১১
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৪:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ভর্তি হওয়া নাজমুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার তিনি মারা যান বলে জানিয়েছেন মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম।
নাজমুল হোসেন সদর উপজেলার হাউসদি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
ডা. শফিকুল ইসলাম জানান, নাজমুল গত বুধবার সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, তবে রিপোর্ট পাওয়ার আগেই শুক্রবার তিনি মারা গেছেন।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে নতুন করে ১১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ১০০ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।