বীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু
ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৬:০০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
দিনাজপুরের বীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার আত্রাই নদীর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে নেমে নিখোঁজ হয় তারা; বিকেলে ওই খেয়াঘাট থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার গড়েয়া সরকারপাড়ার নাজমুল ইসলামের ছেলে সৌরভ ইসলাম (১৭) এবং একই এলাকার বাবুলের ছেলে রাহিম ইসলাম (১৮)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীটি দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত। দুপুর দেড়টার দিকে ৫/৭ জনে মিলে খেয়াঘাটে নদীতে গোসল করতে নামে। পরে সকলেই উঠে আসলেও দুই বন্ধু সৌরভ ও রাহিম নিখোঁজ হয়। পরে বিষয়টি খানসামা ফায়ার সার্ভিসকে জানালে সেখানকার একটি টিম খেয়াঘাটে পানিতে নেমে তাদেরকে খোঁজা শুরু করে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুইজনের মৃতদেহ উদ্ধার করে।
খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাজমুল হক দুইজনকে মৃত অবস্থায় পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।