ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

রাজবাড়ী

করোনার উপসর্গে মারা যাওয়া স্কুলছাত্রকে নির্যাতনের ভিডিও আলোচনায়

করোনার উপসর্গে মারা যাওয়া স্কুলছাত্রকে নির্যাতনের ভিডিও আলোচনায়
×

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৭:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রাজবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া স্কুলছাত্র অংকন দত্তকে নির্যাতনের এক ভিডিও আলোচনার জন্ম দিয়েছে।

২১ মে শরীরে জ্বর নিয়ে মারা যায় অংকন (১৩)। পরে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট আসে নেগেটিভ। এরপরই আলোচনায় আসে একটি ভিডিও। যেখানে দেখা যায় রিজভী নামের এক যুবক শিশু অংকনকে নির্যাতন করছে।

এই ভিডিও দেখে অংকনের পরিবার দাবি করেছে, নির্যাতনের কারণে জ্বর এবং ভয়ে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে অংকনের বাবা বিপ্লব দত্ত বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ঘটনাটি ঘটেছে রাজবাড়ী শহরের বিনোদপুর ভাজনচালা এলাকায়। অংকন একই এলাকার বাসিন্দা। রাজবাড়ী অংকুর স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল সে।

মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টানা তিন দিন জ্বরে ভোগার পর গত ২১ মে সকালে মারা যায় অংকন। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় অংকনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। সাথে তার পরিবার ও প্রতিবেশি ১০ জনের নমুনাও নেয়া হয়। ওইদিনই অংকনের মরদেহ রাজবাড়ী মহাশ্মশানে সমাহিত করা হয়।

২৪ মে অংকনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তখন আলোচনায় আসে একটি ভিডিও। ভিডিওতে রিজভী এবং অংকনকেই দেখা গেছে শুধু। রিজভীর বাড়ি রাজবাড়ী শহরের আটাশকলোনী এলাকায়। গত ১৫ মে তারিখে ভাজনচালা এলাকার একটি পুকুর পাড়ে এই ভিডিওটি করা হয় বলে জানা গেছে।

এক মিনিট ছয় সেকেন্ডের ভিডিওর শুরুতেই রিজভী বলছে, আমাদের অন্তু কর্মকার ছোট ছোট পোলাপানদের গাঁজা খাওয়ায়। অনেক টাকা পয়সা তার। এদের মধ্যে আমি একজনকে পাকড়াও করেছি। তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। নাম বল- বলেই স্ক্রিনে আসে অংকনের মুখ। ভিডিওতে অংকনের চেহারা দেখেই বোঝা যায়; নির্যাতন করেই তাকে ক্যামেরার সামনে আনা হয়েছে। তার চেহারায় আতঙ্কের ছাপ স্পষ্ট। বলছি বলছি বলার পরও তাকে লাঠি দিয়ে মারে রিজভী। স্বল্প দৈর্ঘের ভিডিওটিতে রিজভী অংকনকে বেশ কয়েকবার লাঠি দিয়ে আঘাত করতে দেখা গেছে।

পরদিন ১৬ মে এই ভিডিওটি ভাজনচালা এলাকার যুবক অন্তুকে নিয়ে দেখায় রিজভী। ভিডিওটি দেখার পর ওইদিন বিকেলে অন্তু অংকনকে ডেকে নিয়ে মারধর করে ও ভয়ভীতি দেখায়।

এর পরদিন ১৭ মে জ্বর আসে অংকনের। জ্বর ক্রমশ বাড়তে থাকায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। চিকিৎসক সাধারণ জ্বর মনে করে তাকে ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। ২১ মে সকালে অংকনের অবস্থার অবনতি হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এব্যাপারে মামলা হয়েছে। পুলিশ গুরুত্বের সাথে মামলাটি তদন্ত করছে।



আরও পড়ুন

×