চট্টগ্রামে স্বাস্থ্য পরিচালকসহ আক্রান্ত ৩, করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৭:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম সৌলভ চৌধুরী। শুক্রবার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালকসহ করোনা চিকিৎসায় নিয়োজিত তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন।
জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, মারা যাওয়া রোগী বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান। তিনি নগরের মোগলটুলি এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। তিনি করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা শনাক্ত হওয়ার পর বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)’র ল্যাব প্রধান ডা. শাকিল আহমদকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। তার স্থলে রাঙামাটি মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকির হোসেনকে ল্যাবের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের প্রধান করোনা রোগীদের জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ স্ট্রোক করে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। চট্টগ্রামে করোনা ভাইরাস দেখা দেওয়ার পর থেকেই শীর্ষ এই তিন করোনাযোদ্ধা চিকিৎসক চিকিৎসা সেবায় দিন-রাত দায়িত্ব পালন করে আসছেন।