নারায়ণগঞ্জে করোনায় আ`লীগ নেতার মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৮:৩৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. গিয়াস উদ্দিন (৬০) নামের এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু বলেন, গিয়াস উদ্দিন আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকলেও তার কোনো পদ-পদবি ছিল না। তবে আওয়ামী লীগের সভা সমাবেশে তিনি নিয়মিত নেতাকর্মীদের নিয়ে যোগদান করতেন।
গিয়াস উদ্দিন ফতুল্লার কাঠেরপুল এলাকার মৃত কালু মিয়ার ছেলে এবং ওই এলাকার বরাত ডাইং ও মালিহা নিট ফ্যাশনের মালিক।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক বলেন, 'করোনা পজিটিভ রিপোর্ট আসার পর গিয়াস উদ্দিনকে গত বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। ওইদিন রাত ১২টার দিকে তার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। তারা জানায়, গিয়াস উদ্দিনের হার্টঅ্যাটাকও হয়েছিল। এছাড়া আগে থেকেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।'
ইউএনও জানান, রাতেই হাসপাতাল থেকে তার পরিবারের লোকজন লাশ নিয়ে যান। এরপর শুক্রবার সকালে সরকারি স্বাস্থ্যবিধি মেনে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।