শ্রীপুরে লবণদাহ খালের পাড়ে বর্জ্য ফেলা বন্ধের দাবিতে বিক্ষোভ
লবণদাহ খালের পাড়ে পৌসভার বর্জ্য ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন- সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৯:১৫ | আপডেট: ২৯ মে ২০২০ | ০৯:৩৮
শ্রীপুরের ঐতিহ্যবাহী লবণদাহ খালের পাড়ে পৌর এলাকার সমস্ত দূষিত বর্জ্য ফেলা হচ্ছে। ভরাট করা হচ্ছে খালটি। দূষিত বর্জ্যের দুর্গন্ধে শ্রীপুর-কালিয়াকৈর সড়কের মাওনা পাথার ব্রিজ অংশটি রুমাল কিংবা হাতে নাক চেপে পথচারিদের পার হতে হয়।
দীর্ঘদিন ধরে স্থানীয়রা এটি বন্ধের দাবি জানিয়ে আসছেন। বহুবার আইনশৃঙ্খলা সভায় আলোচনাও হয়েছে। কিন্তু এটি বন্ধ হয়নি। লবণদাহ খালের পাড়ে পৌরসভার দূষিত বর্জ্য ফেলা বন্ধ করে পরিবেশ রক্ষার দাবি জানাচ্ছেন শত শত মানুষ।
এই দাবিতে শুক্রবার ব্যস্ততম ওই সড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন তরুণরা। মানববন্ধনের আয়োজন করলেও সেটি এক পর্যায়ে বিক্ষোরভে রূপ নেয়।
পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক সাজেদুল ইসলাম সুরুজের নেতৃত্বে স্কুল কলেজে পড়ুয়া বিভিন্ন এলাকার কয়েকশ' তরুণ এতে অংশ নেন।
এছাড়াও অংশগ্রহণ করেন, ব্যাংক কর্মকর্তা জহিরুল ইসলাম, ইমরুল হাসান , বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উপ দপ্তর সম্পাদক মেহেদি হাসান বাপ্পী, মাওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ শিশির, সোহাগ উজ্জামান শুভ, মাসুম আহমেদ প্রমুখ।
শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীন টেলিফোনে আন্দোলনকারী তরুণদের সঙ্গে কথা বলেন। লবণদাহ খালে পৌরসভার বর্জ্য বন্ধ ও খালটিকে উদ্ধারের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়।