ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সরকার ক্যাসিনো করে দেশকে সিঙ্গাপুরের মত উন্নত করতে চায়: ফখরুল

সরকার ক্যাসিনো করে দেশকে সিঙ্গাপুরের মত উন্নত করতে চায়: ফখরুল
×

প্রধান অতিথির বক্তব্য রাখছেন মির্জা ফখরুল -সমকাল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ০৪:২৩ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ | ০৭:৫১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ স্বীকার করেছে তারা শুদ্ধ নয়, কাদায় পরিপূর্ণ। তাই নিজেদের শুদ্ধ করতে অসলদের বাদ দিয়ে চুনপুঁটি দিয়ে শুদ্ধি অভিযান চালাচ্ছে। যাদের নির্দেশে ভাগবাটোয়ারা হয় তারা কোথায়? সরকার ক্যাসিনো করে কৃষিপ্রধান দেশকে সিঙ্গাপুরের মতো উন্নত করতে চায়।

সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অর্থনীতির ছাত্র হিসেবে বুঝি, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। কৃত্রিমভাবে জিডিপির উন্নয়ন দেখিয়ে উন্নয়ন বলা যাবে না। এই উন্নয়ন আত্মহননকারী উন্নয়ন। যে উন্নয়ন আমাকে পরনির্ভরশীল করবে, যে উন্নয়ন ঋণগ্রস্ত করবে, যে উন্নয়ন ভবিষ্যতকে বন্ধ করে দেবে, সে উন্নয়ন উন্নয়ন হতে পারে না।

তিনি আরও বলেন, এ সরকার নতজানু সরকার। নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে জাতিকে তারা বিশ্ব দরবারে নিয়ে যেতে পারবে না। এ সরকারের অধীনে যে নির্বাচন হবে তা কখনোই সুষ্ঠু হবে না। তাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এটা বিএনপির বড় দাবি। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, জেলে যাওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। কিন্তু অধিকার আদায় না করে পরাজয় মেনে নেব না। সরকার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে রেখেছে। তিনি অসুস্থ। তারপরও ভালোভাবে চিকিৎসা হচ্ছে না।

তিনি বলেন, দুই বছর হয়ে গেল সরকার ১০ লাখ রোহিঙ্গার মধ্যে ১ জনকেও ফেরত দিতে পারেনি। বর্তমান সময়ে দেশের সবচেয়ে ভালো বন্ধু ভারত ও চীন রোহিঙ্গা বিষয়ে কোন কথা বলে না। 

তিনি বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে পিটিয়ে হত্যা করা হলো সত্য বলার জন্য। এ রকম ঘটনা একটা নয়, অনেক যেগুলো প্রকাশ পায় না। 

জেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপত্বিতে সভায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাসান জাফির তুহিন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন প্রমুখ। 

আরও পড়ুন

×