দুর্যোগ সহনীয় জাতি গড়তে কাজ করা হচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান- সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ০৮:০৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ | ০৮:৫৫
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ত্রাণনির্ভর নয়, দুর্যোগ সহনীয় জাতি গড়ে তোলার জন্য উন্নত বিশ্বে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করা হচ্ছে। বন্যাসহনীয় রাষ্ট্র গড়তে এরই মধ্যে জাপানের সঙ্গে একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের প্রথম ধাপে কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলার সব নদী ড্রেজিং এবং বাঁধ দিয়ে বন্যামুক্ত করা হবে। খুব শিগগির এর কাজ শুরু হবে। এ ছাড়া এই তিন জেলায় অসংখ্য বন্যা আশ্রয় কেন্দ্র ও মুজিব কেল্লা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার রংপুর জেলা ত্রাণ গুদাম ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ পরিদর্শনে গিয়ে ডা.এনামুর রহমান এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ হলে ঢাকা থেকে ত্রাণ নিয়ে যেতে হতো। এতে ত্রাণ পেতে ভুক্তভোগীদের অনেক সময় লাগত। এখন ৬৪ জেলায় ত্রাণ গুদাম করা হচ্ছে, যাতে সহজে ত্রাণ পৌঁছানো যায়। শুধু জেলায় নয়, উপজেলাগুলোতেও ত্রাণ গুদাম করা হচ্ছে।
এ সময় রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবির, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।