সাগরে ট্রলারডুবিতে ৩৬ বাংলাদেশি নিহতের মামলার প্রধান আসামি গ্রেফতার
সিলেট ব্যুরো
প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৮:৩১ | আপডেট: ০২ জুন ২০২০ | ০৮:৪৯
সমুদ্রপথে বিদেশে পাঠানোর নামে ভূমধ্যসাগরে ট্রলার ডুবিতে ৩৬ বাংলাদেশি নিহতের ঘটনায় মামলার প্রধান আসামি রফিকুল ইসলামকে সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব-৯। সোমবার বিকেলে বিশ্বনাথ উপজেলার কাঠলীপাড়া গ্রামের বাড়ি থেকে চমক আলীর ছেলে রফিকুলকে গ্রেফতার করা হয়। একই দিন মানবপাচার মামলার অপর আসামি মো. জিয়াউর রহমানকেও গ্রেফতার করে র্যাব। জিয়াউর বিশ্বনাথ উপজেলার রহমান নগরের ফারুক মিয়ার ছেলে।
মঙ্গলবার নগরীর জালালাবাদ থানায় তাদের হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন। তিনি জানান, আসামি রফিকুল ইসলাম মানবপাচার সংক্রান্ত ৬ মামলার আসামি। অপর আসামি জিয়াউরের বিরুদ্ধেও জালালাবাদ থানায় মানবপাচারের মামলা রয়েছে।
২০১৯ সালের ১১ মে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ট্র্যাজেডিতে সলিল সমাধি হয়েছিল ৩৬ বাংলাদেশির। এই ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি রফিকুল এবং তার সহযোগী জিয়াউর।
জালালাবাদ থানার ওসি অখিল উদ্দিন আহমদ জানিয়েছেন, ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় দায়েরকৃত মামলায় বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত করছে। মঙ্গলবার র্যাব তাদের হস্তান্তর করার পর জালালাবাদ থানা পুলিশ তাদের আদালতের প্রেরণ করে। এরপর আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। সিআইডি মামলার তদন্তের দায়িত্বে থাকায় তারাই এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।