গুলিতে নিহত কামরুলকে লিবিয়ায় পাঠানো এনামুল গ্রেপ্তার
মানবপাচার মামলায় গ্রেফতার এনামুল হক- সমকাল
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৮:৩৯ | আপডেট: ০২ জুন ২০২০ | ১০:৪৮
ফরিদপুরের সালথা থানায় লিবিয়ায় মানবপাচার অভিযোগে দায়ের হওয়া মামলায় এনামুল হক গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে পুলিশের একটি টিম মঙ্গলবার ভোরে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোয়ালা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এনামুল হক মুনিরকান্দী গ্রামের মো. হোসেন গাজীর ছেলে।
ওসি জানান, থানার আলমপুর গ্রামের কবির শেখের ছেলে কামরুল শেখ লিবিয়ার মিজদা শহরে মানবপাচারকারীদের গুলিতে নিহত হয়েছেন। এঘটনায় কবির শেখ সোমবার ৬ জনের বিরুদ্ধে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ওই মামলার আসামী এনামুল হককে গোয়ালা বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এনামুল লিবিয়ায় মানবপাচার চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অন্য আসামিদের সঙ্গে মিলে মোটা অংকের টাকা নিয়ে কামরুলকে বিদেশ পাঠায় এনামুল।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, গত ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে ২৬ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন আরও ১১ জন। নিহত ২৬ জনের মধ্যে একজনের বাড়ি সালথার বল্লভদি ইউনিয়নে। এ ঘটনায় ভিকটিমের বাবা ৬ জনকে আসামি করে সালথা থানায় মামলা করেছেন। ওই মামলার ৬ আসামির মধ্যে অন্যতম এনামুল হক।
অচিরেই অন্য আসামিরা গ্রেফতার হবে বলে জানান তিনি।