ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

গুলিতে নিহত কামরুলকে অবৈধ পথে লিবিয়া পাঠানো এনামুল গ্রেপ্তার

গুলিতে নিহত কামরুলকে অবৈধ পথে লিবিয়া পাঠানো এনামুল গ্রেপ্তার
×

গ্রেপ্তার এনামুল -সমকাল

সালথা (ফ‌রিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৯:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ফরিদপুরের সালথা থানার এক মামলায় লিবিয়ায় মানবপাচার চক্রের সক্রিয় সদস্য এনামুল হক গাজীকে (৪২) আটক করেছে পুলিশ। সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহসহ পুলিশের একটি টিম মঙ্গলবার ভোর রাতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোয়ালা ইউনিয়নের গোয়ালা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি ওই ইউনিয়নের মুনিরকান্দী গ্রামের মো. হোসেন গাজীর ছেলে।

সালথা থানার ওসি মোহাম্মদ আলী জিন্নাহ সমকাল‌কে বলেন, সালথা থানার বল্লভদি ইউনিয়নের আলমপুর গ্রামের কবির শেখের ছেলে কামরুল শেখ লিবিয়ার মিজদা শহরে মানবপাচারকারীদের গুলিতে নিহত হন বলে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানা যায়। এঘটনায় নিহতের বাবা কবির শেখ বাদী হয়ে সোমবার ৬ জনের বিরুদ্ধে সালথা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর মঙ্গলবার ভোররাতে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য এনামুলকে গোয়ালা বাজার এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে এনামুল হক মামলার অন্যান্য আসামিদের সঙ্গে পরস্পর যোগসাযসে নিহত কামরুল শেখকে অবৈধ পথে লিবিয়া পাঠানোর জন্য বাদীর কাছ থেকে টাকা নেওয়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ছাড়াও আসামিরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন এলাকার যুবককে প্রলোভন দেখিয়ে লিবিয়া পাঠিয়েছেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, আমরা জানতে পারি যে, গত ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে ২৬ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১১ বাংলাদেশি। নিহত ২৬ জনের মধ্যে একজনের বাড়ি সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নে। লিবিয়ায় নিহত কামরুলের বাবার দায়ে করা মামলায়  আসামির মধ্যে অন্যতম এনামুল হক। তাকে গ্রেফতার করা হয়। আশা করছি অচিরেই, যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনবো।

আরও পড়ুন

×