সিলেটে শ্রমিক সংঘর্ষের ঘটনায় ‘অজ্ঞাত’ ১৫০০ জনের বিরুদ্ধে মামলা
সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ- সমকাল (ফাইল ছবি)
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০২:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেট পরিবহন শ্রমিকদের দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এতে পনেরশ’ জনকে আসামি করা হলেও সবাইকে ‘অজ্ঞাত’বলে উল্লেখ করা হয়। বুধবার পুলিশের কাজে বাঁধা ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে এই মামলা করা হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার নগরীর কদমতলীতে কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুইপক্ষের মধ্যে দু’দফা সংঘর্ষ হয়। এ সময় গাড়ি ভাংচুর ও টিকেট কাউন্টার ভাংচুর হয়। বিকেলে প্রথম দফার সংঘর্ষে অর্ধশত এবং সন্ধ্যায় দ্বিতীয় দফায় আরও ৮-১০ জন আহত হয়। এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাব বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করেছেন- এমন অভিযোগ নিয়ে মঙ্গলবার সকাল থেকে উত্তেজনার পর শ্রমিকদের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সেলিম আহমদ ফলিক বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ঈদের সময় শ্রমিকদের উপহার দেওয়ার দাবি উঠলে অভিযুক্ত ফলিক ৪১ লাখ টাকার হিসেব দেন। কিন্তু শ্রমিকদের কল্যাণ তহবিলে আড়াই কোটি টাকা রয়েছে বলে দাবি করছে ফলিক বিরোধী বলয়ের শ্রমিকরা। এই টাকার হিসেব না দিলে ফলিককে সংগঠনের কার্যালয়ে ঢুকতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে তারা।