ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

মুন্সীগঞ্জে হাসপাতালের আইসোলেশনে ৩ জনের মৃত্যু

মুন্সীগঞ্জে হাসপাতালের আইসোলেশনে ৩ জনের মৃত্যু
×

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৩:০৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং আক্রান্তের উপসর্গ নিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি হওয়া তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে তারা মারা যান। এদের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত এবং বাকি দু'জন উপসর্গ নিয়ে আইসোলেশনে ছিলেন। উপসর্গ থাকা দু'জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখনও রিপোর্ট আসেনি।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান,আইসোলেশনে থাকা তিনজনের মধ্যে টঙ্গীবাড়ি উপজেলার পাইকপাড়া গ্রামের মাসুদ হোসেন (৫৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৯ মে তার করোনা শনাক্ত হয়। তার অবস্থার অবনতি হলে ৩১ মে মুন্সীগঞ্জ শহরের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। বুধবার সকাল ১০টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান।

তিনি জানান, প্রায় একই সময়ে আইসোলেশন সেন্টারে মারা যান করোনা উপসর্গ নিয়ে ৩১ মে ভর্তি হওয়া সদর উপজেলার মুক্তারপুরের জহিরুল ইসলাম (৪৫)। সেই দিনই তার নমুনা সংগ্রহ করে পরদিন পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু পরীক্ষার রিপোর্ট আসার আগেই তিনি মারা গেলেন।

সিভিল সার্জন আরও জানান, বুধবার ভোরে একই আইসোলেশন সেন্টারে মারা যান মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর গ্রামের সিরাজুল ইসলাম (৮০) নামের এক বৃদ্ধ। তিনি মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা কেয়ার সেন্টারে তথা আইসোলেশন সেন্টারে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন। মঙ্গলবারই তার নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষার জন্য বুধবার ঢাকায় পাঠানো হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই তার মৃত্যু হলো।

আরও পড়ুন

×