পটুয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৪:৩৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পটুয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে বাবুল লাল দাস (৬২) নামে অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মচারীর মৃত্যু হয়েছে।
জ্বর-গলা ব্যাথা ও শ্বাসকষ্টে আক্রান্ত বাবুলকে বুধবার সকাল ১০টার দিকে নিয়ে পটুয়াখালীর আড়াইশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মতিন জানান, বাবুল লাল দাসকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। উপসর্গ দেখে ধারণা করা হচ্ছে- তিনি করোনায় মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে বোঝা যাবে আসলে তার কী হয়েছিল।
বাবুল দাসের বাসা পটুয়াখালী পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের থানা পাড়ায় এবং তিনি ওই এলাকার শুরেন্দ্র নাথ দাসের ছেলে। বাবুল দাস পটুয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ে ও সদর উপজেলা ভূমি কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি করেছেন এবং বছর দুই আগে তিনি অবসরে যান।
এদিকে পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ দুইজনের মধ্যে একজন কলাপাড়ার ও একজন পটুয়াখালী সদর উপজেলায়। এ নিয়ে এই পর্যন্ত পটুয়াখালী জেলায় ৬৬ জনের দেহে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে, ২৬ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন এবং ৩৬ জন বর্তমানে বিভিন্ন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সদর উপজেলার ১৮ জন, বাউফলের ১০ জন, কলাপাড়ার ৩ জন, দুমকির ২ জন, মির্জাগঞ্জের ২ জন ও দশমিনার ১ জন রয়েছেন।