চাঁদপুরে করোনা উপসর্গে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৪:৫৮ | আপডেট: ০৩ জুন ২০২০ | ০৫:১০
চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় চারজন মারা গেছেন। তারা হলেন- হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের মুজিবুর রহমান (৮০) ও জাহাঙ্গীর আলম (৫৫) এবং সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দি গ্রামের মো. আব্দুর রাজ্জাক (৭০) ও একই গ্রামের গৃহবধূ লাকী বেগম (৩৪)। বুধবার স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।
চাঁদপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, মঙ্গলবার রাতে করোনা উপসর্গ নিয়ে আব্দুর রাজ্জাক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার পর তার মৃত্যু হয়। আর লাকী বেগম বুধবার সকাল সাড়ে ৯টায় হাসপাতালে ভর্তি হওয়ার ঘণ্টাখানেক পর মারা যান। তাদের নমুনা সংগ্রহ ও স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।
হাজীগঞ্জের বলিয়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মনির হোসেন বলেন, 'কয়েকদিন দিন ধরে জ্বর, সর্দি, কাশিসহ আরও নানান রোগে ভুগছিলেন আব্বা। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। এলাকার কোনো লোকই আমাদের সহযোগিতা করেনি, বরং সবাই পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগ করি। তিনি এসে উপজেলা দাফন কমিটির সহযোগিতায় বুধবার সকাল সাড়ে ৭টায় দাফন সম্পন্ন করেন।'
এদিকে করোনা উপসর্গ নিয়ে বুধবার সকাল সাড়ে ৮টায় মারা যান বলিয়া গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। উপজেলা দাফন কমিটির সহযোগিতায় তার দাফন সম্পন্ন করা হয়। মজিবুর রহমান গত কয়েক দিন জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এসএম শোয়েব আহমেদ চিশতী বলেন, 'আমরা খবর পেয়ে জাহাঙ্গীর আলমের নমুনা সংগ্রহ করেছি। এছাড়া তিনি নিজেও মারা যাওয়ার আগে চাঁদপুর সদর হাসপাতালে নমুনা দিয়েছেন।'