পাবনায় করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
পাবনা অফিস
প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৫:৩৭ | আপডেট: ০৩ জুন ২০২০ | ০৫:৩৯
পাবনায় করোনার উপসর্গ নিয়ে দুই উপজেলায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের একজনের বাড়ি সুজানগর ও আরেকজনের চাটমোহর উপজেলায়। মঙ্গলবার দিবাগত রাতে তারা মারা যান।
পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল হোসেন জানান, সুজনগর উপজেলা থেকে গত ১ জুন সুমন হোসেন (৬৫) নামের এক ব্যক্তি সর্দি, জ্বর ও কাশি নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। করোনা উপসর্গ থাকায় তাকে সন্দেহভাজন রোগী হিসেবে আইসোলেশন ইউনিটে রাখা হয়। তিনি আরও জানান, পরে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। নমুনার পরীক্ষার রিপোর্ট এখনো হাসপাতাল কর্তৃপক্ষের হাতে পৌঁছেনি। এ পরিস্থিতিতে গত রাতে তিনি মারা যান।
এদিকে চাটমোহর উপজেলায় আটলঙ্কা নতুন পাড়ায় নজরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে মারা গেছেন। মঙ্গলবার রাতে জ্বর ও শ্বাসকষ্ট থাকায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার তথ্যটি নিশ্চিত করেছেন। তবে, ওই ব্যক্তি অ্যাজমা রোগী ছিলেন বলে পারিবারিক সূত্র দাবি করেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেলের ল্যাব থেকে পাঠানো ৬৬ টি নমুনার পরীক্ষার ফলে ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে - যা এখন পর্যন্ত জেলায় একদিনে শনাক্তের দিক দিয়ে সর্বোচ্চ। আক্রান্তদের মধ্যে পাবনা সদরের ১০ জন এবং সুজানগরের ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। সূত্রটি আরও জানিয়েছে, আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। তারা নিজ নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। এছাড়া তাদের পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।