করোনা সংক্রমণ প্রতিরোধে ইমামদের বড় ভূমিকা রয়েছে: ইঞ্জিনিয়ার মোশাররফ
×
ইমাম ও মুয়াজ্জিনদের আর্থিক অনুদান দিচ্ছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৬:২৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ও ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, করোনা ভাইরোসের সংক্রমণ রোধে ইমাম-মোয়াজ্জিনদের বড় ভূমিকা রয়েছে। প্রতি ওয়াক্ত নামাজের পরে তারা মুসল্লিদের উদ্দেশে সচেতন বার্তা বলতে পারেন। যার মাধ্যমে সমাজের সবার মাঝে সেটি পৌঁছে যাবে।
বুধবার দুপুরে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে ইমাম ও মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শহরের বদরপুরে অবস্থিত আফসানা মঞ্জিলস্থ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সবার সচেতনতার বিকল্প নেই।
পরে তিনি উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে অনুদানের টাকা বিতরণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার ৮১৫টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এ অর্থ প্রদান করা হবে। প্রথমদিনে পৌর এলাকার ২৩৪ জনের মাঝে এ অনুদান দেওয়া হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, ইসলামী ফাউন্ডেশন ফরিদপুরের উপ-পরিচালক শেখ অকরামুল হক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা। এসময় জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত ইবনে সালাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল উপস্থিত ছিলেন।