কারাগারে ইউপিডিএফ নেতার মৃত্যু
পুলক জ্যোতি চাকমা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৬:৩৪ | আপডেট: ০৩ জুন ২০২০ | ০৬:৪৪
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মূল অংশের নেতা পুলক জ্যোতি চাকমা খাগড়াছড়ি কারাগারে মারা গেছেন।
বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
গণতান্ত্রিক ‘ইউপিডিএফ’এর প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা হত্যা মামলার আসামি ছিলেন পুলক জ্যোতি চাকমা। তিনি খাগড়াছড়ির মহাজন পাড়া এলাকার চম্পা লাল চাকমার ছেলে।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা জানান, খাগড়াছড়ি জেলা কারাগার থেকে এক কয়েদিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় তার। কারা কর্তৃপক্ষ তার বুকে ব্যথা ছিল বলে জানিয়েছে। মৃত ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মে রাঙ্গামাটির নানিয়াচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা ও ৪ মে ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি চাকমা হত্যা মামলায় অভিযুক্ত পুলক জ্যোতি চাকমাকে গ্রেপ্তার করা হয়। নিহত পুলক জ্যোতি চাকমা ইউপিডিএফ প্রসীত গ্রুপের সক্রিয় কর্মী ছিলেন।