শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে ডেকে নিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
আটক হাবিবুর
কুড়িগ্রাম ও রাজারহাট প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৮:২৭ | আপডেট: ০৩ জুন ২০২০ | ০৮:৩৮
কুড়িগ্রামের রাজারহাটে শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে ডেকে নিয়ে গিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে উপজেলার চাকিরপশার ইউনিয়নে রতিরাম কমলওঁঝা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, ৭ বছর আগে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কালিরহাট এলাকার আব্দুল মতিনের ছেলে হাবিবুর রহমানের সঙ্গে বিউটি বেগমের বিয়ে হয়। তাদের ৫ বছর বয়সী রুহি নামের একটি মেয়ে রয়েছে। দাম্পত্য কলহের কারণে গত ৯ মে মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে আসেন বিউটি। হাবিবুর মঙ্গলবার রাত ১০টায় শ্বশুরবাড়িতে আসেন। এরপর কথা বলার জন্য বিউটিকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যান। তারপর রাত সাড়ে ১১টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজির এক পর্যায়ে গোঙানির শব্দ শুনে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতের ভেতর গলাকাটা অবস্হায় বিউটিকে উদ্ধার করে তার পরিবারের লোকজন। উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান, পরকীয়া প্রেমের কারণে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। বুধবার ভোরে বিউটির বাবা বাশারাত উল্ল্যাহ বাদী হয়ে হাবিবুরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে মামলা করেন। অভিযান চালিয়ে সকাল ৮টার দিকে উপজেলার নাজিমখান বাজার এলাকা থেকে হাবিবুরকে গ্রেপ্তার করে পুলিশ। ধারালো ছুরি দিয়ে বিউটির গলা কেটে পালিয়ে গিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন হাবিবুর। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।