নীল-সাদা রঙে নিজেদের রাঙিয়ে তুলছেন কলকাতার আর্জেন্টিনা সমর্থকেরা
ছবি: সমকাল/শুভজিৎ পুততুণ্ড
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ২০:২৭
পশ্চিমবঙ্গে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এখন তুঙ্গে। আগামীকাল রোববার সকালে আর্জেন্টিনার একটি গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ওপার বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে চরম উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের হাওড়া রামরাজাতলা এলাকায় আর্জেন্টিনার জয় নিয়ে চলছে ব্যাপক উন্মাদনা।
স্থানীয় আর্জেন্টিনা সমর্থক কৃতিকা বিশ্বাস রোববারের ম্যাচকে সামনে রেখে নিজেকে সম্পূর্ণ আর্জেন্টিনার নীল-সাদা রঙে সাজিয়েছেন। বিশেষ মেকআপ এবং আকাশি-সাদা পোশাকের মাধ্যমে তিনি আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতি এবং ফুটবলপ্রেমীদের গভীর আবেগকে ফুটিয়ে তুলেছেন।
এই ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে কৃতিকা বিশ্বাস বলেন, এটি তাঁর প্রিয় দেশ এবং প্রিয় ফুটবল দলের প্রতি দীর্ঘদিনের ভালোবাসার প্রতীক। তিনি আর্জেন্টিনার জয় কামনা করার পাশাপাশি সব ফুটবলপ্রেমীর কাছে নিজেদের পছন্দের দলকে ইতিবাচকভাবে সমর্থন করার আহ্বান জানিয়েছেন।
শুধু কৃতিকাই নন, রবিবারের ম্যাচকে ঘিরে পুরো হাওড়ার ফুটবলপ্রেমীদের মধ্যেই অন্যরকম এক আমেজ লক্ষ করা যাচ্ছে। চায়ের দোকান থেকে শুরু করে ক্লাবের আড্ডা—সবখানেই এখন মেসিবাহিনীর জয় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ ও ব্যাপক আশাবাদ।
প্রসঙ্গত, আগামীকাল রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।