কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি, সেই যুবদল নেতা বহিষ্কার
মুন্সী নয়নউজ্জামান নয়ন
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ২১:০৯
মাগুরায় প্রণোদনার তালিকা থেকে নাম বাদ পড়ায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি দেওয়ার অডিও ছড়িয়ে পড়ার পর বহিষ্কার করা হয়েছে মুন্সী নয়নউজ্জামান নয়ন নামের এক যুবদল নেতাকে। শনিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মুন্সী নয়নউজ্জামান নয়ন জাতীয়তাবাদী যুবদলের শালিখা উপজেলা শাখার সদস্য সচিব ছিলেন। তাঁকে ওই পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশিশক্তি প্রদর্শনপূর্বক শালিখার এক কৃষি কর্মকর্তাকে হুমকি দেওয়ার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহম্মদ নূরুল ইসলাম এমপি এ সিদ্ধান্ত নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কৃষি প্রণোদনার জন্যে সম্প্রতি মুন্সী নয়নউজ্জামান নয়ন শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা পলাশ কুমার রায়কে ২০০ জনের তালিকা দেন। তাদের মধ্যে ১৫০ জন কৃষি প্রণোদনা পান। অন্যরা পাননি। এ বিষয়ে পলাশ কুমার রায়কে প্রশ্ন করেন নয়নউজ্জামান নয়ন। এক পর্যায়ে তিনি ওই কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি দেন। গত শুক্রবার তাঁর কথোপকথন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর ভিত্তিতে তাৎক্ষণিক তদন্ত করে কেন্দ্রীয় যুবদল তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে মুন্সী নয়নউজ্জামান নয়নের দাবি, এটি তাঁর রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র। তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে সম্ভবত এআইয়ের মাধ্যেমে কৃষি কর্মকর্তার সঙ্গে তাঁর কথোপকথনের অডিও তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। বক্তব্য জানতে উপসহকারী কৃষি কর্মকর্তা পলাশ কুমার রায়ের নম্বরে কয়েক দফায় কল দিলেও তিনি ধরেননি।
- বিষয় :
- হুমকি
- যুবদল নেতা
- বহিষ্কার
- মাগুরা