ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় স্বামী-স্ত্রী ও ৮ মাসের শিশুর মৃত্যু

গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় স্বামী-স্ত্রী ও ৮ মাসের শিশুর মৃত্যু
×

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ২০:৫৭

আট মাসের শিশুপুত্র নূর হোসেনকে কোলে নিয়ে স্বামী রাকিব হাসানের সঙ্গে মহাসড়কের পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন বিথী আক্তার। এক স্বজনের বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন তাঁরা। গন্তব্যে যাওয়ার গাড়ি আসার আগেই দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ছুটে এসে মুহূর্তের মধ্যে তছনছ করে দেয় একটি পরিবারের সব স্বপ্ন। 

কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান বিথী। হাসপাতালে নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন রাকিব। আর সন্ধ্যায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটিও।

শনিবার দুপুর ২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হাসান পিরোজপুর সদর উপজেলার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারির ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস লিমিটেডের মানবসম্পদ (এইচআর) বিভাগের ব্যবস্থাপক ছিলেন। স্ত্রী বিথী ও সন্তান নূর হোসেনকে নিয়ে তিনি ওই এলাকাতেই বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে রাকিব মহাসড়কের পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। কোনো এক স্বজনের বিয়ের দাওয়াতে যাওয়ার কথা ছিল তাঁদের। এ সময় ময়মনসিংহগামী লেনে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান এই দম্পতি ও শিশুকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বিথীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর অবস্থায় শিশুটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটিও মারা যায়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সমকালকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ায় গাড়ি ও চালককে আটক করা সম্ভব হয়নি। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×