স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় দুটি লঞ্চকে জরিমানা
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৯:১৯ | আপডেট: ০৩ জুন ২০২০ | ০৯:২৭
অগ্রিম টিকেট না দিয়ে যাত্রীদের লঞ্চে তোলায় বরিশাল নদীবন্দরে ঢাকাগামী দুটি লঞ্চ কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগির বুধবার সন্ধ্যায় এ জরিমানা করেন।
স্বাস্থ্যবিধি রক্ষায় যাত্রীদের লঞ্চে তোলার আগে টিকেট বিক্রির নিয়ম করা হলেও এম.ভি অ্যাডভেঞ্চার- ১ এবং এম.ভি কুয়াকাটা- ২ লঞ্চ দুটিতে তা মানা হচ্ছিল না।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল নদী বন্দর কর্মকর্তা (যুগ্ম পরিচালক) আজমল হুদা জানান, প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী কোন লঞ্চে টিকেট ছাড়া যাত্রী তুলতে পারবে না। অভিযুক্ত লঞ্চ দুটি এ নির্দেশনা অমান্য করে যাত্রী তুলছিল। এ অপরাধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগির দুটি লঞ্চের কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।