ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস হবে অনলাইনে

খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস হবে অনলাইনে
×

ফাইল ছবি

খুবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২০ | ১১:১৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনা পরিস্থিতি অব্যাহত থাকলে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি প্রশমনে ভার্চুয়াল ক্লাস চালু করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনা অনুসরণ করা হবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা অফিস আদেশ ও বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ভার্চুয়াল ক্লাস চালুর আগে সংশ্লিষ্ট ক্ষেত্রে সুবিধা-অসুবিধা নিরূপণ করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানে দুইটি কমিটি গঠন করে বুধবার পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে। 

একাডেমিক বিষয়ে সুপারিশ প্রদানের জন্য ডিনদের সমন্বয়ে একটি ডিনস কমিটি এবং প্রযুক্তিগত বিষয়ে সুপারিশ প্রদানে একটি টেকনিক্যাল কমিটিকে এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ভার্চুয়াল ক্লাসে সংযুক্তির ক্ষেত্রে দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত যে সব শিক্ষার্থীর বাড়িতে বিশেষ করে বিদ্যুৎ ও নেটওয়ার্ক সুবিধা নেই সে সব শিক্ষার্থীর তথ্য আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সংগ্রহের জন্য ডিসিপ্লিন প্রধানদের প্রতি অনুরোধ জানানো হয়।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিস সীমিত পরিসরে ৩১ মে থেকে চালু করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে থার্মাল স্ক্যানার চালু করা হয়েছে। 

আরও পড়ুন

×