সুনামগঞ্জে ম্যাজিস্ট্রেট ও তার শিশু সন্তান করোনায় আক্রান্ত
ফাইল ছবি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২০ | ২৩:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের করোনাভাইরাস সেলে দায়িত্ব পালনরত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার ৪ বছরের ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন।
তারা শহরের ষোলঘর কলোনীর ডরমেটরিতে নিজ বাসভবনেই আইসোলেশনে আছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ সদরে আরও ১ জন, জগন্নাথপুরে ২ জন এবং দোয়ারায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লা আল মাহমুদ ও তার ৪ বছরের ছেলেসহ অন্য আক্রান্তদের নমুনা মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা ল্যাবে পাঠানো হয়েছিল। ওখান থেকেই বুধবার রাত সাড়ে ১০ টার দিকে জানানো হয়েছে ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লা আল মাহমুদ ও তার ছেলেসহ নতুন ৬ জন করোনায় আক্রান্ত।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানিয়েছেন, আমার কার্যালয়ের একজন গুরুত্বপূর্ণ অফিসার (সহকারী কমিশনার) ও তার ৪ বছরের ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন। আমাদের অন্য সহকর্মীদেরও নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এখন থেকে অফিসের অন্যদের আরও বেশি শারীরিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, আমি নিজেই শনিবার নমুনা পরীক্ষা করার জন্য দেব এবং এখন থেকে কয়েকদিন বাংলোয় থেকেই অফিসের কার্যক্রম চালাবো।